আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সিটি এক বিশেষ আবেগের নাম। দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির পর এই ঐতিহাসিক জার্সিটি কে পরিধান করবেন, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে জল্পনা। এই দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন ২২ বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার নিকো পাজ।
ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন পাজ। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও রদ্রিগো ডি পলের মতো সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। এমনকি কিংবদন্তি লিওনেল মেসিও অতীতে পাজের খেলা বোঝার অসাধারণ ক্ষমতার প্রশংসা করেছিলেন।
তবে কোচ লিওনেল স্কালোনি এখনই কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি আগামী ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সিটি ফাঁকা রাখার পরিকল্পনা করেছেন। পাজের পাশাপাশি এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো অভিজ্ঞদের নামও আলোচনায় রয়েছে। পাজ নিজে অবশ্য এই তকমাকে বড় করে না দেখে কিংবদন্তিদের কাছ থেকে শেখার সুযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

























