বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং পুরানা পল্টনে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা ও আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। সমাবেশে বিএনপিকে গণবিরোধী শক্তি আখ্যা দিয়ে এ অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগে দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহীন ভূঁইয়া। সমাবেশ সঞ্চালনা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক ইনজামামুল হক।
সমাবেশে মাহির শাহরিয়ার রেজা বলেন, পুরানা পল্টনে একটি যুদ্ধাপরাধী সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে দুই দফায় হামলা চালিয়ে কার্যালয়ের সামনে মব সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের কর্মকাণ্ডে এর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন মাহির শাহরিয়ার। বরং দলটি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আমলের মব সন্ত্রাস এগিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনা পরিকল্পিত কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করে বিএনপিকে গণবিরোধী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান ছাত্র ইউনিয়নের সভাপতি।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম নান্নু বলেন, ক্ষমতায় এসে বিএনপি বিভিন্ন ধরনের কার্ড চালু করেছে। আওয়ামী লীগ নয়—এমন একটি কার্ড চালুর আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মানুষকে হেনস্তা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে।
জাহাঙ্গীর আলম নান্নু আরও বলেন, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা, তাদের আটক এবং সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা মব সন্ত্রাসের নতুন সংযোজন। মুক্তিযুদ্ধ ও জনগণের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এ ধরনের আক্রমণ মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
সমাবেশ শেষে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। মিছিলটি চারুকলা অনুষদ ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

























