ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি সরকার ও দলটির নেতাকর্মীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটক সাথী আক্তার স্থানীয় সাথী বিউটি পার্লারের মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী আক্তার তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে ফেসবুকে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের জড়িয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ওই নারীর প্রতিষ্ঠানে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে হেফাজতে নেয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিএনপিকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।






















