চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জুয়েল রানা। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি মেয়রের অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পরিচালনা করবেন। একই সঙ্গে বিধি মোতাবেক নির্ধারিত মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে বিজয়ী মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে রায় প্রদান করেন।























