জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের একাংশে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিট থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, গ্রিড বিপর্যয়ের খবর পেয়েই সংশ্লিষ্ট প্রকৌশলীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি মেরামতের কাজ চলছে এবং ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) থেকে সার্বিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ এক জরুরি বার্তায় জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজধানীর ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, রামপুরা, গুলশান, উলন ও মতিঝিলসহ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা এবং চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং পর্যায়ক্রমে দ্রুত পুনঃসংযোগের কাজ এগিয়ে চলছে।























