সামাজিক পরিমণ্ডলে অনেক সময় যে দম্পতিকে দেখে আদর্শ ও সুখী মনে হয়, গভীরভাবে তাকালে দেখা যায় তাদের ভেতরের চিত্রটি বেশ ভিন্ন। পাশে সঙ্গী থাকার পরও মনে জমতে পারে গভীর মানসিক দূরত্ব ও একাকিত্ব, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে ‘ইমোশনাল ডিসকানেকশন’ বা আবেগগত বিচ্ছিন্নতা।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের এই দূরত্ব হুট করে তৈরি হয় না। প্রতিদিনের কাজের চাপ, প্রযুক্তির প্রতি অতিরিক্ত নির্ভরতা, অনুভূতির কথা আদান-প্রদান না করা এবং ছোট ছোট মনমালিন্য চেপে রাখা থেকে এই ব্যবধান তৈরি হয়। দিনে দিনে সংসারে দায়িত্বের আলাপ বাড়লেও মনের কথা বলার সুযোগ সংকুচিত হয়ে আসে।
এই মানসিক দূরত্ব দূর করতে হলে নিয়মিত একে অপরকে মানসম্পন্ন সময় দেওয়ার পাশাপাশি স্ক্রিন টাইম কমিয়ে খোলামেলা কথা বলার ওপর জোর দিয়েছেন মনোবিজ্ঞানীরা। সংঘাত কিংবা নীরবতা এড়াতে না পারলে বিশেষজ্ঞ দাম্পত্য পরামর্শকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


























