বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকির সতর্কবার্তা জারির পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। কেন্দ্রীয় ব্যাংক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িক বন্ধ রাখলেও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে মূল ব্যাংকিং কার্যক্রম ও সার্ভার সংযোগ পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা প্রদর্শিত হতে দেখা যায়। এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক পর্যায়ে সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পরপরই সুরক্ষার স্বার্থে ওয়েবসাইটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা ও সুরক্ষাব্যবস্থা জোরদারে কাজ করছে সাইবার টিম।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডিজিটাল অবকাঠামোর পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতেই ওয়েবসাইটটি এখনো উন্মুক্ত করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃসংযোগ ও দৈনন্দিন লেনদেন যথারীতি সচল রয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ ত্রুটি নিরসনে কাজ করলেও সাইটটি ঠিক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্তের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ এ দুর্বলতা শনাক্ত করার পর রাষ্ট্রীয়ভাবেও সাইবার সতর্কতা জারি করা হয়।


























