চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দূর করা এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
বুধবার সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনেরা চরম দুর্ভোগে পড়েছেন।
আন্দোলনরত চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে দীর্ঘ দিন ধরে। এছাড়া রোগীর স্বজনদের অবাধ প্রবেশ এবং দায়িত্ব পালনে আনসার সদস্যদের গাফিলতির কারণে তাঁদের প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়, এমনকি সংঘবদ্ধ হুমকির শিকারও হতে হয়।
তারা আরও জানান, অবজারভেশন রুম ও ক্যাজুয়ালটি বিভাগ বন্ধ থাকায় সাধারণ ওয়ার্ডগুলোতে রোগীর চাপ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। অপ্রতুল জনবল ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় সেবা দিতে গিয়ে তাদের চরম বেগ পেতে হচ্ছে।
কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি বেছে নিয়েছেন বলে জানান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট দাবি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।


























