রাজধানীর বাইরে কর্মসংস্থানের সুযোগ তৈরড় করতে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী চাকরি মেলা। আগামী ২৭ অক্টোবর বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই মেলায় দেশের শীর্ষস্থানীয় ৭৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে জানার সুযোগ পাবেন।
মেলায় দেশের খ্যাতনামা শিল্পগোষ্ঠী, করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি এবং প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের স্টল নিয়ে হাজির থাকবে। এছাড়া চাকরিপ্রার্থীদের সহযোগিতায় বিশেষ হেল্প ডেস্ক, মেডিকেল বুথ এবং স্বেচ্ছাসেবক বুথ থাকবে। আয়োজকরা আশা করছেন, এই মেলা বেকারত্ব দূরীকরণে এবং তরুণ প্রজন্মকে করপোরেট ও পেশাগত জগতের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

























