সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশ করায় আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ অনুপ্রবেশের ঘটনা ঘটে। বর্তমানে আটক ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পরপরই টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






















