দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ার অভিযোগে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার দায়ে এক দোকানিকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শাস্তি হিসেবে তাকে আগামী ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের দায়িত্ব নিতে হয়েছে।
জানা যায়, ঘোড়াঘাটের বলগাড়ি বাজারের বেকারি দোকানি সারোয়ার হোসেন তার দোকানের বিস্কুট খাওয়ার অপরাধে ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যা করেন। বিষয়টি স্থানীয় প্রাণিপ্রেমীদের নজরে এলে তারা বিচারের দাবিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন। সোমবার বিকেলে স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ জানান।
অভিযোগকারী জানান, গত শনিবার রাতে খাবারের সন্ধানে দোকানে ঢুকে পড়া মা বিড়ালটিকে ফাঁদ পেতে আটকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হয়। পরে বিড়ালটির মরদেহ দোকানের সামনে ফেলে রাখা হয়। এ ঘটনায় বিড়ালটির দুটি ছানা অসহায় অবস্থায় পড়ে রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, অভিযোগের ভিত্তিতে দোকানি সারোয়ার হোসেনকে তলব করা হয়। তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আদালত তাকে আগামী ছয় মাস বাজারের সব কুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাকে ভবিষ্যতে এ ধরনের অমানবিক কাজ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে।























