সেভেন-আপে ক্ষতিকারক উপাদান ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান আদালতে হাজির হননি। মামলার আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও বাজারে এই পানীয়টির অবাধ বিক্রি অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ল্যাবরেটরিতে মানহীন প্রমাণিত হওয়ায় ইসরায়েলি কোমল পানীয়টির বিরুদ্ধে দায়ের করা মামলায় সিমিন রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। নিরাপদ খাদ্য আদালত গত ১৬ নভেম্বর তাঁর হাজিরার জন্য সমন জারি করেছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় এবং সমন যথাযথভাবে জারি না হওয়ায় আদালত মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। পুলিশের গাফিলতির কারণে কোম্পানিটি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে বিষাক্ত পণ্য বিক্রির সুযোগ পাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) কর্তৃক ক্যানসারের সম্ভাব্য কারণ হিসেবে শ্রেণিবদ্ধ ‘অ্যাসপারটেম’ (মিথাইল ইস্টার) মাত্রাতিরিক্ত হারে সেভেন-আপে পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি বিশেষ করে ফেনাইলকিটোনুরিয়া আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া কৃত্রিম মিষ্টি ‘এসিসালফেম’-এর উপস্থিতিও কিডনি রোগীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তদারকি সংস্থাগুলোর রহস্যজনক নীরবতায় জনস্বাস্থ্য আজ হুমকির মুখে।
























