রাজধানীর পল্লবীতে শিশু শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী সোহেল রানাকে ভয় পেতেন তাঁর স্ত্রী স্বপ্না আক্তার। এ কারণে তিনি স্বামীকে হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিলেন। সোমবার (১৬ নভেম্বর) হাইকোর্টে মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন তথ্য তুলে ধরেছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং তাঁদের করা আপিলের শুনানি শুরু হয়।
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী বলেন, স্বামী সোহেল রানাকে অনেক ভয় পেতেন স্বপ্না। সেই ভয়ের কারণেই তিনি শিশু রামিসা হত্যাকাণ্ডে স্বামীকে সহযোগিতা করেন।
এর আগে গত ৭ জুন আলোচিত এ মামলায় সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন।
তদন্তে উঠে আসে, সোহেল রানা নিজ বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন। পরে অপরাধের আলামত গোপন করার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় তাঁর স্ত্রী স্বপ্নার বিরুদ্ধেও আলামত নষ্ট, মিথ্যা তথ্য দেওয়া এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।
গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহযোগিতার অভিযোগ আনা হয়।
অভিযোগপত্র দাখিলের কয়েক ঘণ্টার মধ্যেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। পরে মাত্র ১৯ দিনের মধ্যে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় এবং গত ৭ জুন দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বর্তমানে হাইকোর্টে তাঁদের মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি চলছে।


























