বগুড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে মেস থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার সন্ধ্যামালতী মেস থেকে তাঁকে আটক করা হয়।
আটক হৃদয় মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার একটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে দাবি করেছে ছাত্রদল। তিনি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী।
ছাত্রদল সূত্রে জানা গেছে, হৃদয় আগে বগুড়ায় অবস্থান করতেন। বর্তমানে তিনি জয়পুরহাটে থাকলেও সোমবার রাতে জহুরুলনগরের সন্ধ্যামালতী মেসে অবস্থান করছিলেন। খবর পেয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। পরে রাতেই তাঁকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের সময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাফিউল আল আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা হৃদয় মিয়াকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। নাশকতার মামলায় তাঁকে আদালতে পাঠানো হবে।
























