নওগাঁ শহরের বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গাবতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।






















