বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জন।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে রেললাইনে টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন তারা। বিষয়টি টের পেয়ে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল ও অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আটকের পর তাদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদল নেতারা জানান, স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল তা কোনোভাবেই বরদাশত করবে না। সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে এবং এ সময় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করা হয়েছে।


























