চলনে-বলনে কিংবা সাজপোশাকে বরাবরই ভক্তদের নজর কাড়েন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। লাল রঙের ট্র্যাডিশনাল পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—এমন ব্যতিক্রমী লুকে অপুকে দেখে রীতিমতো তাক লেগে গেছে তাঁর ভক্ত-অনুরাগীদের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাঁকে ঐতিহ্যবাহী কারুকাজের লাল পোশাকে দেখা যায়। সঙ্গে গলায় জড়ানো ভিন্ন রঙের ওড়না, কানে বড় ঝুমকা এবং হাতে রঙিন চুড়ি। সব মিলিয়ে এক অনন্য ও আকর্ষণীয় রূপে দেখা গেছে তাঁকে।
কখনো বাইকের পাশে দাঁড়িয়ে, আবার কখনো ভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়ে নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার ভেসে আসে। ভক্তদের কেউ কেউ লিখেছেন ‘আগুন’, আবার অনেকেই তাঁর এই লুককে বলিউড অভিনেত্রীদের সঙ্গে তুলনা করেছেন।
ছবি শেয়ার করার পাশাপাশি নিজের জীবন দর্শনের কথাও তুলে ধরেছেন অপু। ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’

























