যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঘটা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে যশোর শহরের বেজপাড়া এলাকার আরিফুল ইসলাম জয় এবং মণ্ডলগাতী এলাকার সিয়াম হোসেনের পরিচয় নিশ্চিত করা গেছে। দুর্ঘটনায় নিহত অপর এক তরুণের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোলগামী একটি মোটরসাইকেলের সাথে যশোরগামী অপর মোটরসাইকেলের প্রচণ্ড গতিতে সংঘাত ঘটলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চলছে।























