সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া রোগী ১০৪ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০৩ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে উপসর্গ নিয়ে দুজনের প্রাণহানি ঘটে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগওয়ারী হিসাবে ঢাকায় সর্বাধিক ৪০৫ জন এবং চট্টগ্রামে ২০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশব্যাপী ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে।
























