ভ্যাপসা গরমে স্বস্তি পেতে এসি এখন আমাদের নিত্যসঙ্গী। তবে এই যন্ত্রটির সঠিক রক্ষণাবেক্ষণ না করলে তা ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। এসির কিছু অস্বাভাবিক আচরণ বড় ধরনের বিপদের পূর্বলক্ষণ হিসেবে কাজ করে। আপনার এসি থেকে আসা নির্দিষ্ট কিছু শব্দ বা গন্ধ পেলে তা কখনোই উপেক্ষা করা উচিত নয়।
শব্দ যখন বিপদের সংকেত এসি চলার সময় সাধারণত একটি মৃদু গুনগুন শব্দ হয়। কিন্তু যদি হঠাৎ নিচের শব্দগুলো শুনতে পান, তবে সাবধান হওয়া জরুরি:
- খটখট বা ঘড়ঘড় শব্দ: এসির ভেতরের ফ্যান বা মোটরের কোনো অংশ আলগা হয়ে গেলে বা ভেঙে গেলে এমন শব্দ হয়। এটি অবহেলা করলে যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
- তীক্ষ্ণ চিৎকার বা শিস দেওয়ার মতো শব্দ: এটি সাধারণত উচ্চ চাপের সংকেত। কম্প্রেসরের ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হলে বা গ্যাস লিক করলে এমন শব্দ হতে পারে, যা থেকে বিস্ফোরণের ঝুঁকি থাকে।
- হঠাৎ বিকট শব্দ: এসি চলার মাঝে হঠাৎ কোনো ধাতব আওয়াজ হলে বুঝবেন ভেতরের কোনো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গন্ধ ও ধোঁয়ার সতর্কতা নাক ব্যবহার করেও আপনি এসির অভ্যন্তরীণ সমস্যা শনাক্ত করতে পারেন:
- পোড়া গন্ধ: এসি থেকে যদি প্লাস্টিক বা তার পোড়ার মতো গন্ধ আসে, তবে বুঝবেন ভেতরে শর্ট সার্কিট হচ্ছে অথবা কোনো তার অতিরিক্ত উত্তপ্ত হয়ে গলে যাচ্ছে। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে এসি বন্ধ করে মেইন সুইচ অফ করে দিন।
- অস্বাভাবিক ধোঁয়া: এসি থেকে ধোঁয়া বের হওয়া মানেই ভেতরে বড় ধরনের বৈদ্যুতিক গোলযোগ ঘটেছে। এটি আগুনের প্রাথমিক লক্ষণ।

বিস্ফোরণ এড়াতে আরও যা খেয়াল রাখবেন শব্দ ও গন্ধ ছাড়াও এসির সুরক্ষায় নিচের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ:
- কম্প্রেসরের তাপমাত্রা: এসির কম্প্রেসর যদি স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়, তবে এটি বড় ঝুঁকির কারণ। অতিরিক্ত তাপ থেকে ভেতরের গ্যাস উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটাতে পারে।
- গ্যাস লিক ও পাইপের অবস্থা: আউটার ইউনিটের পাইপে তেলতেলে বা চিটচিটে ভাব দেখলে বুঝবেন গ্যাস লিক করছে। গ্যাস কমে গেলে কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে, যা যন্ত্রটিকে অকেজো করে দেয়।
- ভোল্টেজ স্টেবিলাইজার: বিদ্যুতের ওঠানামা বা লো-ভোল্টেজ এসির সার্কিট পুড়িয়ে দিতে পারে। তাই নিরাপত্তার খাতিরে ভালো মানের একটি ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।
- আউটার ইউনিটের অবস্থান: এসির আউটার ইউনিট সরাসরি রোদে না রেখে ছায়াযুক্ত স্থানে বসানো উচিত। সরাসরি রোদে থাকলে মেশিন দ্রুত গরম হয়ে যায় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে।
সতর্কতা: এসি থেকে কোনো অস্বাভাবিক গন্ধ বা শব্দ পেলে নিজে মেরামতের চেষ্টা না করে দ্রুত অভিজ্ঞ টেকনিশিয়ানকে দেখান। মনে রাখবেন, নিয়মিত সার্ভিসিং এসির আয়ু বাড়ানোর পাশাপাশি আপনার পরিবারকেও নিরাপদ রাখে।
রিপোর্টারের নাম 

























