নদীর বুক চিরে দিন-রাত চলছে পাথর উত্তোলনের মহোৎসব। আর এর নির্মম পরিণতিতে তীব্র ভাঙনের কবলে পড়ে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে শত শত নৌকায় ড্রেজার বসিয়ে নির্বিচারে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকা এখন চরম হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে তিস্তা ব্যারাজের উজানে তেলির বাজার, কিসামত চর ও ছোটখাতা এলাকায় দেখা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ড্রেজার মেশিনের গর্জন শুরু হয়, যা চলে গভীর রাত পর্যন্ত। লোহার তৈরি বিশেষ সরঞ্জাম ও ড্রেজার দিয়ে নদীর তলদেশ গভীর করে খুঁড়ে তোলা হচ্ছে পাথর। পরে সেই পাথর ইঞ্জিনচালিত নৌকায় করে নদীর পাড়ে এনে স্তূপ করা হচ্ছে এবং সেখান থেকে ট্রাকে করে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন নীলফামারী ও লালমনিরহাটের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চার শতাধিক নৌকা দিয়ে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপরিকল্পিতভাবে তলদেশ খননের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে তৈরি হচ্ছে একাধিক সরু চ্যানেল। ফলে তীব্র ভাঙনে নদীগর্ভে চলে যাচ্ছে অন্তত ২০টি গ্রামের ভিটেমাটি।
তথ্যমতে, প্রতিদিন প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৭০০ ঘনফুট পাথর পরিবহন করা হয়, যার বাজারমূল্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান, মামলা ও যন্ত্রপাতি জব্দ করা হলেও প্রভাবশালী চক্রটি বারবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। নদী ও পরিবেশ সুরক্ষায় স্থায়ী ও কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























