ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাত হ্রাসের সম্ভাবনা দেখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।
এরই প্রভাবে এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই নিম্নমুখী হয়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম অর্ধশতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের ফিউচার দর কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে চলমান অনিশ্চয়তা তেলের বাজারে গভীর উদ্বেগ তৈরি করেছে। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনার খবর পাওয়া গেছে। ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই জানিয়েছে যে হরমুজ প্রণালীতে অথবা এর কাছাকাছি এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ফলে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতির আশাবাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির ওপর। তথ্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা

























