কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা ভূগর্ভস্থ গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের কারিগরি অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুনের উৎসস্থলে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বা কেসিং বসিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি চলছে। এরপর বিশেষ পদ্ধতিতে সিমেন্ট ও রাসায়নিকযুক্ত কাদা প্রয়োগ করে গ্যাসের নির্গমন পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এসব তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, ১৫ দিন পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বাপেক্সের ড্রিলিং বিশেষজ্ঞরা পুরো বিষয়টি তদারকি করছেন।
বুয়েটের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ বলেন, গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রথমে ২০ ইঞ্চি ব্যাসের কেসিংটি গ্যাস বের হওয়ার মুখে প্রবেশ করানো হবে। এরপর সার্কুলেশন পদ্ধতিতে সিমেন্ট ও বিশেষ রাসায়নিকযুক্ত মাড ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করা হবে। পরিকল্পনা সফল হলে মূল অপারেশন শুরুর পর ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। তবে পুরো কাজের জন্য আরও বিপুল পরিমাণ সরঞ্জামের প্রয়োজন।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও সেখানে গ্যাসের বাণিজ্যিক মজুত বা উৎপাদনের সম্ভাবনা এখনই নিশ্চিত নয়। এ জন্য পরবর্তী সময়ে পৃথক অনুসন্ধান ও ভূতাত্ত্বিক পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।






















