চার দশক ধরে পাঠদান শেষে অবসরে গেলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ্ব আবু তাহের চৌধুরী। শনিবার (১৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
দীর্ঘ কর্মজীবনে আবু তাহের চৌধুরী শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও জীবনের মূল্যবোধের পাঠ শিখিয়েছেন। তার অবসরের দিনে প্রাক্তন শিক্ষার্থী রবিউল হাসান তানজিম বলেন, তিনি কেবল একজন শিক্ষক ছিলেন না, ছিলেন জীবনের পথপ্রদর্শক। তার শাসন ও স্নেহ আজ অনেকের কর্মজীবনের সাফল্যের মূল ভিত্তি।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।


























