জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বিশ্বের যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা বেশি সাহসী। তিনি বলেন, দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনোই কার্পণ্যবোধ করেননি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়াও তেমনি সম্মানের। সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেই কৃতিত্বকে অস্বীকার করার অপচেষ্টা চালানো হয়েছিল। স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। অথচ দেশের সাধারণ মানুষ প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র হাতে তুলে নিয়েছিল জীবন রক্ষার তাগিদে।
স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি উল্লেখ করেন, এই অভ্যুত্থানে সামরিক বাহিনী সহায়ক ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণের যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে স্পিকার আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় তিনি কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ইস্ট বেঙ্গলের প্রাক্তন সেনাসদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















