গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের বর্তমান আমীর মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জুকে গাইবান্ধা জেলা শাখায় অন্তর্ভুক্ত করার পর, নতুন আমীর নির্বাচনের লক্ষ্যে রুকনদের গোপন ব্যালটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে এই নতুন নেতৃত্বের প্রক্রিয়া শুরু হয়।
সৈয়দ মো. রোকনুজ্জামান জানান, জামায়াতের সাংগঠনিক নিয়ম অনুযায়ী দায়িত্ব পরিবর্তন একটি নিয়মিত প্রক্রিয়া। জেলা শাখার চারজন দায়িত্বশীল নেতা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের কয়েকজন আমীরকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচনে গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে।
























